দেশের প্রথম ভার্চুয়াল জাদুঘরের যাত্রা শুরু

২৮ ফেব্রুয়ারি, ২০২২ ২০:০৮  
জাতীয় জাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তন থেকে যাত্রা শুরু করলো দেশের প্রথম ভার্চুয়াল মিউজিয়াম। সোমবার রাতে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্তি মহাপরিদর্শক এম রুহুল আমিন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শাহনেওয়াজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন এই উদ্যোগের প্রতিষ্ঠাতা আহমেদ জামান সঞ্জীব, সহপ্রতিষ্ঠাতা ইয়াসমিন রত্না, ওমর শরীফ এবং আশেক এ ইলাহী অনি। ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ প্ল্যাটফর্মটি আগামীতে বাংলাদেশের ঐতিহ্যকে সবার কাছে ভার্চুয়ালি ফেরি করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন আশেক এ ইলাহী অনি। এক্সপ্রেসিভ কমিউনিকেশন্স লিমিটেডের অন্যতম গুরুত্বপূর্ণ ও ফ্লাগশিপ এই প্রকল্পটি বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষায় বিশেষ করে ইতিহাস পাঠে ভিআর প্রযুক্তি ব্যবহারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন  ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী। এসময় উদ্যোগটিতে দেশের প্রতিটি জাদুঘরকে অন্তর্ভূক্ত করতে উদ্যোক্তাদের আহ্বান জানান তিনি। ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি শিক্ষায় ব্যাপক ভাবে ভিআর ব্যবহার এবং পাঠ্য বইয়ের জটিল বিষয়গুলো এই প্রযুক্তির মাধ্যমে আনন্দময় করে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্তি মহাপরিদর্শক এম রুহুল আমিন। অনুষ্ঠানে জানানো হয়, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে ভার্চুয়াল মিউজিয়াম নিয়ে কাজ শুরু হয়। ইতোমধ্যে ৬টি ভিন্ন ভিন্ন প্রত্নতাত্তিক নিদর্শন ভার্চুয়াল রিয়েলিটি কন্টেন্ট হিসেবে যুক্ত করা হয়েছে ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ অ্যাপ-এ।  অ্যাপটি ডাউনলোড করে শুধুমাত্র একটি ভিআর হেডসেটের মাধ্যমে এই ৬টি স্থাপনা ভার্চুয়ালি ঘুরে দেখতে পারবে যে কেউ। এছাড়াও ভিআর হেডসেট ছাড়াও ওয়েবসাইটে থ্রি সিক্সটি টুর হিসেবে ঘুরে দেখা যাবে প্রতিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। অ্যাপে যুক্ত প্রত্নতাত্তি¡ক নিদর্শনগুলো হলো- বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসিজদ, সোনারগাঁওয়ের বড় সরদার বাড়ি, যশোরের ১১ শিব মন্দির, নারায়ণগঞ্জের পানাম নগর ও দিনাজপুরের কান্তজির মন্দির। স্কুল ও কলেজের শিক্ষার্থী, দেশি-বিদেশি পর্যটক, শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি, সর্বোপরি সকলের জন্য অর্থ, সময় এবং পরিশ্রম বাঁচিয়ে স্থাপনাগুলো ঘুরে দেখার একটি অসাধারন সমাধান ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ।